শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ সকাল ৭টায় শেষ হয়েছে তা। টানা ২০ দিনের প্রচারণায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি। সবদলই মোটামুটি শান্তিপূর্ণভাবে নিজেদের প্রচারণা চালিয়েছে। তবে নির্বাচনি আমেজ জমে উঠেছিল কথার লড়াইয়ে। নানা প্রতিশ্রুতিতে ভোটরাদের মন জয় করার পাশাপাশি ছিল প্রতিদ্বন্দ্বী দলকে ঘায়েল করার চেষ্টা।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত দুই জোটের মধ্যে। এক দিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি ও এর মিত্ররা, অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। জামায়াত জোটে রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিও। তবে দেশজুড়ে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।
এ ছাড়া এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচনি মাঠে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এনসিপি ১১-দলীয় জোটে থাকলেও ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবে নির্বাচন করছে।
নির্বাচনি প্রচারণায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২৬ জেলায় সমাবেশ করেন। অন্যদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশ করেন ৪৫টি জেলায়।
এবারের প্রচারণায় সাড়া জাগিয়েছে বিএনপির ফ্যামিলি কার্ড। এ ছাড়া দলটির আরও কিছু প্রতিশ্রুতি বেশ আলোচিত হয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামীও প্রচারণায় পিছিয়ে নেই। যদিও কয়েকটি ইস্যুতে দলটি বেশ সমালোচিত হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধ, নারী, সেনাবাহিনী দলটির এক প্রার্থীর আপত্তিকর বক্তব্য দেশজুড়ে সমালোচনার সৃষ্টি করেছে।
অন্যদিকে এনসিপির প্রচারণা ছিল জামায়াতআশ্রিত। জামায়াতের সঙ্গে সমঝোতায় ২৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। তাদের লক্ষ্য জামায়াতের ভোটারদের মন জয়।
ইশতেহারে অগ্রাধিকার অর্থনীতি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দলগুলোর ইশতেহারে প্রধান আলোচ্য বিষয় হিসেবে উঠে এসেছে দেশের অর্থনীতি। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট এবং বিনিয়োগের স্থবিরতার প্রেক্ষাপটে ভোটারদের আশা এখন অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীল প্রবৃদ্ধির ওপর। এই পরিস্থিতিতে প্রধান তিনটি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত এবং এনসিপিতাদের নির্বাচনি ইশতেহারে দেশের অর্থনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির ইশতেহার ঘোষণা করা হয়। ৯টি প্রধান প্রতিশ্রুতি ছাড়াও এই ইশতেহারে স্থান পেয়েছে মোট ৫১টি বিষয়। বিএনপি তাদের ইশতেহারে দেশের নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছে। দলটি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষ প্রকাশ করেছে।
বিশেষভাবে কর্মসংস্থান, উৎপাদন এবং রফতানি সম্প্রসারণে জোর দেওয়া হয়েছে। আইসিটি খাতে এক মিলিয়ন নতুন চাকরি, স্টার্টআপ সহায়তা, আঞ্চলিক ই-কমার্স হাব গড়ে তোলা এবং ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের রফতানি সম্প্রসারণ বিএনপির পরিকল্পনার মূল অংশ। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও ফ্যামিলি কার্ড ও ফারমার্স কার্ড চালুর মাধ্যমে নিম্ন আয়ের মানুষ এবং কৃষকদের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি রয়েছে। করনীতি সংস্কারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও উল্লেখযোগ্য।
এ ছাড়া পরিবেশবান্ধব শিল্পায়ন, সুনীল অর্থনীতি এবং সমুদ্রভিত্তিক শিল্প, মৎস্য আহরণ ও জাহাজ নির্মাণ শিল্পের উন্নয়ন দলটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেলে ইশতেহার ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে, ইশতেহারে আলাদা করে ৪১ দফা প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছে দলটি।
জামায়াতের ইশতেহার উচ্চাকাক্সক্ষী লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে দৃষ্টিকোণ ভিন্ন। দলটি ২০৪০ সালের মধ্যে দেশের অর্থনীতিকে দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করার এবং মাথাপিছু আয় ১০ হাজার ডলারে উন্নীত করার অঙ্গীকার করেছে। প্রযুক্তিনির্ভর কৃষি, স্মার্ট ম্যানুফ্যাকচারিং, আইসিটি, এসএমই, শিক্ষা, স্বাস্থ্য এবং আর্থিক খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আগামী পাঁচ বছরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা, আমদানিনির্ভরতা ৩০ শতাংশ কমানো এবং জিডিপি প্রবৃদ্ধি ধাপে ধাপে ৭ শতাংশে নেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। সামাজিক নিরাপত্তা ও করনীতির ক্ষেত্রে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা এবং করপোরেট কর হার কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব এসেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কীভাবে হবে এবং প্রয়োজনীয় অর্থায়ন কোথা থেকে আসবে, তা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে গত ৩০ জানুয়ারি রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এনসিপির ইশতেহার প্রকাশ করা হয়। ভোটাধিকারের বয়স ১৬ বছর করা, আগামী পাঁচ বছরে দেশে এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা, চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করা, ছয় মাসের ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা, মেধাবীদের দেশে ফেরানোসহ মোট ১২টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে ৩৬ দফার ইশতেহারে।
এনসিপি তাদের ইশতেহারে চাকরি সৃষ্টিকে প্রধান অগ্রাধিকার দিয়েছে। আগামী পাঁচ বছরে তারা এক কোটি মানসম্মত চাকরি তৈরির পরিকল্পনা করেছে। এছাড়া ১০ হাজার কোটি টাকার উদ্যোক্তা তহবিল গঠনের মাধ্যমে তরুণ উদ্যোক্তা, নারী ও এসএমই ব্যবসায়ীদের জন্য ঋণ সহায়তা প্রদান করা হবে। সর্বনিম্ন মজুরি প্রতি ঘণ্টা ১০০ টাকা নির্ধারণ, শ্রমিক নিরাপত্তা বিমা ও পেনশন প্রবর্তন, করনীতি সংস্কার এবং নগদহীন অর্থনীতিতে ধাপে ধাপে রূপান্তরের প্রতিশ্রুতি ইশতেহারে অন্তর্ভুক্ত।
নির্বাচনি সহিংসতা: গত জানুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষের ৬৪টি নির্বাচনি সহিংসতার তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এসব সহিংসতায় চারজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৫০৯ জন।
গত ৮ ফেব্রুয়ারি পটুয়াখালীর বাউফলে বিএনপি ও জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটনায় অন্তত সাতজন আহত হয়। গত ৩১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও পাল্টা হামলায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
প্রার্থীদের দ্বৈরথ: এবারের নির্বাচনের মাঠে সবচাইতে আলোচিত আসন ছিল ঢাকা ৮ আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও এনসিপির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপির শক্তিশালী প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। তবে ঋণ খেলাপির অভিযোগে ইসিতে হাসনাত আবদুল্লাহর করা আবেদনের প্রেক্ষিতে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল হয়।
দ্বৈত নাগরিকত্ব ইস্যু দেশের নির্বাচনি রাজনীতিতে হঠাৎ করেই দ্বৈত নাগরিকত্ব ইস্যুটি সামনে আসে। বিশেষ করে বিএনপির কয়েকজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় এনসিপি ও জামায়াতে ইসলামী এই আলোচনা রাজনীতির মাঠে আনে। ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতার বিরুদ্ধে ওই আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করে নির্বাচন কমিশনে আপিল করার পর। তবে আপিলটি বাতিল হয়। এ ছাড়া কুমিল্লা-৩ আসনের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়।
আগামী ৯৬ ঘণ্টা নিষিদ্ধ মিছিল-জনসভা: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ববর্তী ৪৮ ঘণ্টা ও পরবর্তী ৪৮ ঘণ্টায় কোনো মিছিল, শোভাযাত্রা ও জনসভা না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছে ইসি। এ ছাড়া নির্বাচন ঘিরে আজ সকাল থেকে ভোটগ্রহণের পর দিন বিকাল পর্যন্ত নির্বাচনি এলাকায় অবস্থানের ওপরও বিধিনিষেধ এনেছে নির্বাচনি কমিশন।
কেকে/ এমএস