বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সমঝোতা করা হবে না।’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা দক্ষিণ সিটির মতিঝিলের পীরজঙ্গি মাজার রোডে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা-৮ আসনের ভোটারদের উদ্দেশে জনসভায় তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের সঠিক মানুষ বেছে নিতে হবে। যে মানুষটি এই এলাকার, তাকেই বাছাই করতে হবে। কারণ, এলাকার সমস্যা সমাধানে বাইরের কেউ কার্যকর ভূমিকা রাখতে পারে না। মনে রাখবেন, বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চিনতে পারে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকার গঠন করতে পারলে আমাদের সর্বপ্রথম কাজ হবে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে মা-বোনেরা নিরাপদে চলাফেরা করতে পারবেন। মানুষ নিরাপত্তার সঙ্গে চাকরি ও ব্যবসা করবে এবং রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে।’
দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘২০০১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দুর্নীতি থেকে দেশকে বের করে নিয়ে এসেছিলেন, ভবিষ্যতেও সেভাবেই দুর্নীতি দমনে কাজ করবে বিএনপি। এই ব্যাপারে আইন নিজের গতিতে চলবে, কারো সঙ্গে কোনো আপস করা হবে না।’
প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘বক্তৃতার মঞ্চে অনেকেই হাততালির জন্য সুন্দর সুন্দর কথা বলতে পারেন। কিন্তু দেশ চালাতে হলে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি প্রয়োজন। অন্যদের সেই পরিকল্পনা কোথায়? এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন এবং দুর্নীতি নির্মূল কেবল ধানের শীষই করতে পারে।’
জসসভায় ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
কেকে/এমএ