বিএনপিরর চেয়ারম্যান তারেক রহমান দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও বেকারত্ব দূরীকরণে একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। একই সঙ্গে বিদেশগামীদের জন্য দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে, জমি বিক্রি করতে হবে না।’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটির বনানীতে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় তারেক রহমান আরও বলেন, ‘দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।’
বক্তব্যে তিনি বিশেষ করে বিদেশগামীদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, ‘আমাদের দেশের মানুষ বিদেশে যাওয়ার আগে অর্থের তীব্র সংকটে পড়েন। অনেককেই ভিটেমাটি বা জমিজমা বিক্রি করে প্রবাসে পাড়ি জমাতে হয়, যা একটি পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’
এই সংকট সমাধানে বিশেষ উদ্যোগের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, ‘বিদেশগামীদের যেন জমিজমা বিক্রি করতে না হয়, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে। এ ঋণের মাধ্যমে তারা সহজেই বিদেশের যাওয়ার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে গিয়ে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে পারবেন।’
‘নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা বেশি। আমরা চেষ্টা করেছি, মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিকল্পনা জানানোর। রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের সামনে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে চাই।’
তিনি আরও বলেন, ‘কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে; তাই কৃষকদের কৃষক কার্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। তরুণদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতে চাই, যাতে করে দেশ-বিদেশের কর্মসংস্থানের মাধ্যমে তারা নিজেদের গড়ে তুলতে পারে।’
কেকে/এমএ