নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেছেন, ‘শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ঐক্যের মাধ্যমেই নীলফামারীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।’
এ জন্য স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপযোগী দক্ষতা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (৮ ফেব্রুয়ারি) নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সমর্থনে জেলার রামনগর চচ্চড়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে আহসান হাবীব এসব কথা বলেন।
নীলফামারী উন্নয়ন মঞ্চ এসব কর্মসূচির আয়োজন করে।
পথসভা শেষে চচ্চড়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের মাঠে নাইট ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন আহসান হাবীব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন, শিক্ষক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম তুহিন ও জিল্লুর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম সেপু।
পরে দুহুলি কেরানি পাড়া কর্তৃক আয়োজিত প্রাইস মানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আহসান হাবীব।
এ সময় তিনি আগামী দিনে খেলাধুলার উন্নয়নে নীলসাগর গ্রুপ সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
আহসান হাবীব বলেন, ‘নীলফামারীর সার্বিক উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।’
শাহরিন ইসলাম তুহিন নির্বাচিত হলে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন আহসান হাবীব।
কেকে/এমএ