আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ দিন পূর্বে ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে মাহমুদুর মান্না লিখেছেন,
তিনি বগুড়ায় অবস্থান করছেন। ঢাকা-১৮ আসনে নির্বাচন করা ব্যয়বহুল। এ ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
পোস্টে তিনি আরও লিখেন, ‘এখন আমি বগুড়ায়। একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা-১৮ ও বগুড়া-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা। এর অন্তর্গত সাড়ে ৭টি থানা ও সাড়ে ৬ লক্ষের মত ভোটার এখানে। নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা-১৮’-এর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন। তাদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি।’
প্রসঙ্গত, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। ঢাকা উত্তর সিটির উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকেও নির্বাচনে লড়ছেন। যদিও শুরুতে ঋণখেলাপির অভিযোগে সেখানে তার প্রার্থিতা বাতিল হয়েছিল, তবে পরে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে তিনি প্রার্থিতা ফিরে পান। বগুড়া-২ আসনে প্রথমে বিএনপি মান্নাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিলেও পরবর্তী সেখানে নিজেদের দলীয় প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। এই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।
কেকে/এমএ