মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬,
৩ চৈত্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
শিরোনাম: আগামী মাসে চালু হচ্ছে কৃষক কার্ড : প্রধানমন্ত্রী      কাউন্টারে ঘরমুখো মানুষের ভিড়, চাপ বেড়েছে দূরপাল্লার বাসে      আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল      শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী      ইউজিসি চেয়ারম্যান ও ৭ বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে রদবদল      খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর      স্কুল ভর্তিতে থাকছে না লটারি : শিক্ষামন্ত্রী      
খোলাকাগজ স্পেশাল
দেশে অস্ত্র ঢুকাচ্ছে ভারত
রোকন উদ্দিন
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৬ এএম
ছবি : খোলা কাগজ ই-পেপার

ছবি : খোলা কাগজ ই-পেপার

দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণের বাকি মাত্র তিন দিন। এরই মাঝে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে তৎপর হয়েছে একটি অপশক্তি। সেই শক্তিকে সহায়তা করছে প্রতিবেশী দেশ ভারত। এ লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্রের চালান ঢুকাচ্ছে দেশটি। গতকাল যশোর সীমান্তে এমন একটি চালান আটক করেছে বিজিবি। একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে—শুধু যশোর নয়, দেশের অন্যান্য সীমান্ত দিয়েও ঢুকছে অস্ত্র ও গুলির চালান।

প্রতীক বরাদ্দের পর থেকেই ভোটের মাঠ সরগরম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উঠান বৈঠক, পথসভা, গণসংযোগ- সব মিলিয়ে জেলার রাজনৈতিক আবহাওয়া বেশ উত্তপ্ত। উন্নয়নের প্রতিশ্রুতি আর পরিবর্তনের আহ্বানে মুখর চারপাশ। তবে এই উচ্ছ্বাসের আড়ালেই ক্রমশ বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা। সীমান্ত পেরিয়ে ভারতীয় অস্ত্র প্রবেশ করছে এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। আর এমন অভিযোগ ঘিরে উদ্বেগে প্রার্থীরা, উৎকণ্ঠায় সাধারণ ভোটাররা।

এর মধ্যে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ঢুকেছে অবৈধ অস্ত্র। কখনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব আগ্নেয়াস্ত্র আটক হতেও দেখা গেছে। এসব অস্ত্র কিছু অসাধু চক্রের মাধ্যমে হাতবদল হয়ে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের হাতে চলে যাচ্ছে বলে ধারণা নিরাপত্তা বিশ্লেষকদের। তারা বলছেন, চোরাচালানের রুট বন্ধ না হলে নির্বাচন ঘিরে দেখা দিতে পারে নিরাপত্তাহীনতা। 

নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। এমন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সোর্সের মাধ্যমে জানা যায়, দেশে বেশিরভাগ অস্ত্র ঢুকছে সীমান্ত দিয়ে। ঠিক কতগুলো রুট দিয়ে আসছে এসব অস্ত্র- তার সঠিক হিসাব না থাকলেও মূল চ্যানেল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, সিলেট ও সুন্দরবন। মিয়ানমার সীমান্ত দিয়েও অস্ত্র প্রবেশ করছে। 

গত শুক্রবার দিবাগত রাতে যশোরের চৌগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এয়ারগান ও বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্রের সরঞ্জামাদি উদ্ধার করেছে।

বিজিবি জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।

এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্রধারী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মো. জাহিরুল ইসলাম (৪৪)। এ সময় তার কাছ থেকে একাধিক বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বসিলা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে জাহিরুলকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গতকাল শনিবার বিকেলে সেনা বাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে একের পর এক অস্ত্রের চালান প্রবেশ ভোটের মাঠে প্রভাব ফেলতে পারে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সীমান্তবর্তী জেলা হওয়ায় মেহেরপুর বরাবরই নিরাপত্তা ইস্যুতে স্পর্শকাতর। অভিযোগ উঠছে, বিভিন্ন রুট ব্যবহার করে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ অস্ত্র ঢুকছে জেলায়। এসব অস্ত্র নির্বাচনের সময় ব্যবহার হতে পারে- এমন আশঙ্কা করছেন প্রার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক উদ্ধার অভিযানের তথ্যও উদ্বেগ বাড়িয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ২২টি অস্ত্র, ৫৭ রাউন্ড গুলি, ৬টি কার্তুজ ও ৮টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র। এসব পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র প্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে, যার একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ছে।

ভোটের মাঠে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরাও একই সুরে উদ্বেগ প্রকাশ করেছেন।

মেহেরপুর-১ আসনে বিএনপিসমর্থিত প্রার্থী মাসুদ অরুণ বলেন, সীমান্তের ওপারে অবস্থানরত কিছু গোষ্ঠী অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। দীর্ঘদিন ধরেই সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের অভিযোগ রয়েছে। তিনি মনে করেন, নির্বাচন ঘিরে এসব অস্ত্র যেন ব্যবহার না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

একই আসনে জামায়াতসমর্থিত প্রার্থী ও জেলা আমির তাজউদ্দিন খান বলেন, ভোটারদের মধ্যে অবৈধ অস্ত্র প্রবেশ আতঙ্ক তৈরি করছে। প্রশাসনকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনার আহ্বান জানান তিনি।

এদিকে দেশের বিভিন্ন জেলার থানা লুটের অস্ত্রগুলো কতটা উদ্ধার হয়েছে- তা নিয়েও প্রশ্ন উঠেছে ভোটারদের মধ্যে।অনেকে বলছেন, এসব অস্ত্রের অবস্থান স্পষ্ট না হলে নির্বাচনি পরিবেশ পুরোপুরি স্বস্তিদায়ক হবে না। সীমান্ত এলাকা নিয়ে উদ্বেগের পাশাপাশি এই ইস্যুও ভোটারদের আলোচনায় উঠে এসেছে।

সাধারণ ভোটারদের আশঙ্কা, নির্বাচনের দিনে যদি অস্ত্রের মহড়া দেখা যায় বা সহিংসতার আশঙ্কা তৈরি হয়, তবে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়াই ক্ষতিগ্রস্ত হবে। তাই আগাম কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং নির্বাচনের আগে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলারোধে পুলিশ প্রস্তুত রয়েছে।

মেহেরপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সৈয়দ এনামুল কবির জানান, সীমান্ত দিয়ে যাতে কোনোভাবেই অস্ত্র প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে বিশেষ নজরদারি চলছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুসন্ধান বলছে, ভারতের পাশাপাশি মিয়ানমার সীমান্তও হয়ে উঠেছে অস্ত্র চোরাচালানের নীরব করিডর। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটারের ১৪টি রুট দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশে; এসব রুটের বেশিরভাগই অরক্ষিত। অস্ত্র চোরাচালানে জড়িত প্রায় ডজন খানেক গ্রুপ; যাদের অধিকাংশই রোহিঙ্গা জনগোষ্ঠীর।

বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়িয়ে প্রাণঘাতী এসব অস্ত্র ঢুকছে দেশে। ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে; বিশেষ করে ‘নির্বাচনের মাঠে’। যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিজিবির তথ্য বলছে, গত বছরের প্রথম নয় মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দেশি-বিদেশি মিলে এক হাজার ২০০-এর বেশি আগ্নেয়াস্ত্র জব্দ করে সংস্থাটি। সম্প্রতি মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও জব্দ হচ্ছে আগ্নেয়াস্ত্র।

অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি কী পদক্ষেপ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘এটা একটি জটিল সীমান্ত। এই মুহূর্তে সেখানে কোনো সরকারি বাহিনী নেই। একটি নন-স্টেট অ্যাক্টর সেখানে কাজ করছে। যাদের সাথে আমাদের যোগাযোগ ও বিনিময়ের সমস্যা আছে। এ কারণে কন্টিনিউয়াস (প্রতিনিয়ত) যোগাযোগ করতে পারি না। চোরাচালান রোধে এটি একটি বড় চ্যালেঞ্জ।’

নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, ‘ভারত ও মিয়ানমার বর্ডারে প্রায় ৩৬টি সন্ত্রাসী গ্রুপ কাজ করছে। যদি সেইভাবে নিরাপত্তাবলয় গড়ে তোলা না যায়, তাহলে সামনের নির্বাচনে আমরা একটা বিশৃঙ্খল বা অস্ত্রবাজি দেখতে পারি।’

কেকে/এজে
আরও সংবাদ   বিষয়:  নির্বাচন ও গণভোট   দেশে অস্ত্র ঢুকাচ্ছে ভারত   ভারত   সীমান্ত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘শপিং, গ্রামে ফেরার তাড়া যেন রমজানের শেষ মুহূর্তের তাৎপর্য ভুলিয়ে না দেয়’
আমরা উন্নতি করতে চাই, তবে প্রকৃতি ধ্বংস করে নয় : পরিকল্পনা প্রতিমন্ত্রী
গোপালপুরে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
‘কিশোরগঞ্জ ভলান্টিয়ার্স’-এর ‘দুই টাকায় ইফতার’
বুড়িচংয়ে সারের অতিরিক্ত মূল্য আদায়, ন্যাশনাল ট্রেডার্সকে জরিমানা

সর্বাধিক পঠিত

চবির নতুন উপাচার্য ড. মোহাম্মদ আল-ফোরকান
মহম্মদপুরে ব্যবসায়ীর ঘরে ভিজিএফের চাল, সিলগালা ও জরিমানা
মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার
মৌলভীবাজারে কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন
কাপাসিয়ায় চিনির বিকল্প হিসেবে গুড়ের চাহিদায় বাড়ছে আখ চাষ

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close