দিন যত যাচ্ছে, নির্বাচনি হাওয়া ততই বইছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে ব্যাপক গণসংযোগ। প্রতিদিন সকাল থেকেই নির্বাচনি প্রচার-প্রচারণা জোরদার হচ্ছে। মহল্লায় মহল্লায় নিজ নিজ প্রার্থীদের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন নেতাকর্মীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী ধানের শীষের প্রচারণা ও গণসংযোগে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর এলাকার ছাত্রদলের নেতৃবৃন্দরা গণসংযোগ ও র্যালিতে যোগ দেয়।
এরই ধারাবাহিকতায় শেরেবাংলা নগর থানা এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছে ছাত্রদল। বিএনপি মনোনীত ঢাকা-১৩ সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী ববি হাজ্জাজের পক্ষে শেরেবাংলা নগর এলাকায় দিন থেকে রাত পর্যন্ত ব্যাপক নির্বাচনি প্রচারণা ও র্যালি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে হাজার হাজার ছাত্রদল নেতা-কর্মী ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন। বিকেল, সন্ধ্যা ও রাত—কেউ বসে থাকেননি। সবাই নিজ দলের প্রার্থীকে বিজয়ী করতে ব্যাপক প্রচারণায় অংশ নেন।
শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারী ছাত্রদল নেতাকর্মীরা বলেন, ঢাকা-১৩ আসনে বিএনপির কোনো বিকল্প নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে এই আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ বিপুল ভোটে বিজয়ী হবেন। ঢাকা-১৩ আসনে মোট ৭টি ওয়ার্ড এবং ৩টি থানা (একটি আংশিক) অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিদিন এই আসনে গণসংযোগ ও ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছে বলে জানান নেতারা। এতে নতুন ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
ছাত্রদল নেতারা আরও বলেন, গত ১৬ বছর সাধারণ নাগরিকরা বিএনপিকে ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই আসন্ন নির্বাচন ২০২৬ সালে তারা তাদের কাঙ্ক্ষিত ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে বিজয়ী করবেন—এটাই তাদের প্রত্যাশা।
র্যালিতে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রদলের আহ্বায়ক বশির উল্লাহ বশির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুল হক টিপু, সদস্য সচিব সাকিবুল হাসান বাবু। এছাড়া আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব মনিরুজ্জামান মজুমদার জসিম, শেরেবাংলা নগর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ জাবেরসহ ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা।
র্যালি চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ঢাকা-১৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। আগামী দিনগুলোতেও গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা।
কেকে/ এমএস