মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে গণপ্রচারণায় নেমেছেন নেতাকর্মীরা। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করে গণমিছিল করেছে ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদপুর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর অনুষ্ঠিত এই গণমিছিলটি শিয়া মসজিদ এলাকা থেকে শুরু হয়ে রিংরোড, আদাবর, শ্যামলীসহ ঢাকা-১৩ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
৩৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আবু তাহেরের নেতৃত্বে প্রায় এক হাজারেরও বেশি নেতাকর্মী এই গণমিছিলে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন, সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে লিফলেট বিতরণ করা হয়।
নেতারা বলেন, ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের পক্ষে ইতোমধ্যেই ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। তাদের দাবি, এই আসনে বিএনপির কোনো বিকল্প নেই। সন্ত্রাসকবলিত এই আসনে একমাত্র বিএনপি প্রার্থীই একটি সুষ্ঠু ও নিরাপদ সমাজ গঠন করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, ঢাকা-১৩ আসনে মোট ৭টি ওয়ার্ড এবং ৩টি থানা রয়েছে। শেরেবাংলা নগর থানার আংশিক এলাকা, আদাবর থানা ও মোহাম্মদপুর থানার এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন।
গণমিছিল শেষে নেতাকর্মীরা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ঢাকা-১৩ আসনের সবকটি ওয়ার্ড থেকে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ বিপুল ভোটে বিজয়ী হবেন। তারা আরও বলেন, বর্তমানে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো প্রার্থীই থামাতে পারবে না।
নেতাদের দাবি, সুষ্ঠু নির্বাচন হলে ব্যাপক ব্যবধানে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। অতীতেও এই আসনে বিএনপির একাধিক প্রার্থী জয়লাভ করেছেন। তারা উল্লেখ করে বলেন, ২৬ সালেও ঢাকা-১৩ আসনে বিএনপিই জয়লাভ করবে। এই আসনে নারী ও পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা চার লাখেরও বেশি। গত ১৬ বছর এই আসনের ভোটাররা ভোট দিতে পারেনি; এবার সুষ্ঠু ও সঠিক সময়ে নির্বাচন হলে নিজের ভোট প্রয়োগ করবে। দলে দলে নির্বাচনের দিন কেন্দ্রে ভোট দিতে আসবে নাগরিকরা।
কেকে/এলএ