দুই শিশুর চেয়ারে বসা নিয়ে সিলেটে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নগরীর তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পথসভায় চেয়ারে দুই শিশুর বসা নিয়ে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও এলাকার বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। সভা শেষে ওই ঘটনার জের ধরে তিন গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে।
সংঘর্ষের সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।’
কেকে/এলএ