ঢাকায় দেশের প্রথম ইন-পারসন ক্লাউড-নেটিভ প্রযুক্তি সম্মেলন ‘ক্লাউড নেটিভ ডেজ বাংলাদেশ’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এবং ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশন (সিএনএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে প্রায় ৩০০ ক্লাউড-নেটিভ প্র্যাকটিশনার, ডেভঅপস ইঞ্জিনিয়ার, সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট ও শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে শেখা, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দেন ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যান্ড আউটরিচ ম্যানেজার অড্রা মন্টেনিগ্রো। পরে ক্লাউড নেটিভ কমিউনিটি অ্যাম্বাসেডর মো. আরিফ হোসেন ও জয়নুল আবেদিন মিয়া ওপেন-সোর্স কন্ট্রিবিউশন এবং কমিউনিটি পার্টিসিপেশন নিয়ে আলোচনা করেন। পুরো ইভেন্টটি সঞ্চালনা করেন ক্লাউড নেটিভ বাংলাদেশের কো-অর্গানাইজার জাসিম আলম।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘বাংলাদেশে ক্লাউড-নেটিভ অ্যাডাপশন বনাম রিয়েল ইমপ্যাক্ট’ শীর্ষক প্যানেল আলোচনা। এতে মডারেটরের দায়িত্ব পালন করেন বিএজেআইটির হেড অব টেক অপারেশনস আমির হোসেন।
প্যানেল সদস্য হিসেবে বক্তব্য রাখেন ফাইবার অ্যাট হোম লিমিটেডের হেড অব টেকনোলজি সুমন আহমেদ সাবির, ফিল্ড নেশনের ডিরেক্টর শাহজাদা রেদওয়ান, এফ ফাইভের সিনিয়র সল্যুশন ইঞ্জিনিয়ার মাশিউর রহমান এবং এপস কোডের ফাউন্ডার ও সিইও তামাল সাহা।
এছাড়াও টেকনিক্যাল সেশনে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আর্কিটেকচার, সিকিউরিটি ও স্কেলেবিলিটি বিষয়ে আলোচনা করেন।
উইমেন ইন টেক সেশনে ফিল্ড নেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজার নৌরিন হক রিদি প্রযুক্তি কমিউনিটিতে ডাইভার্সিটি ও ইনক্লুশনের গুরুত্ব তুলে ধরেন। এ ছাড়া পিকো ক্লাউডের শামীম আহমেদ ও ফিল্ড নেশনের সাফিন আহমেদ নতুন ইমার্জিং ইউজ কেস নিয়ে আলোচনা করেন।
ওয়ার্কশপ সেশনে ‘গিটঅপস সিকিউর সফটওয়্যার ডেলিভারি’ শীর্ষক হ্যান্ডস-অন সেশন পরিচালনা করেন মো. আমদাদুল বারি ও টেকনোনেক্সটের মো. নাসির উদ্দিন।
সম্মেলন আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন মো. শাহরিয়ার আল মুস্তাকিম মিতুল, মোহাম্মদ আবদুল আজিজ, আবদুল্লাহ আল রেজা ও মো. আল আমিন তালুকদার। অনুষ্ঠানে প্লাটিনাম স্পন্সর ছিল এফ ফাইভ, ফিল্ড নেশন ও পিকো ক্লাউড। গোল্ড স্পন্সর ছিল এনশিওর সাপোর্ট সার্ভিসেস লিমিটেড, সিলভার স্পন্সর গোটিপাথ, কমিউনিটি পার্টনার টিম ফিনিক্স এবং কানেক্টিভিটি পার্টনার হিসেবে ছিল ফেলিসিটি আইডিসি।
উল্লেখ্য, ক্লাউড নেটিভ বাংলাদেশ হলো ক্লাউড নেটিভ কম্পিউটিং ফাউন্ডেশনের একটি অফিসিয়াল কমিউনিটি চ্যাপ্টার, যা দেশের ডেভেলপার, ইঞ্জিনিয়ার ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য ক্লাউড-নেটিভ প্রযুক্তি ও ওপেন-সোর্স অ্যাডপশন নিয়ে শেখা, শেয়ার ও সহযোগিতার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
কেকে/এলএ