বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আবদুল্লাহ বলেছেন, ‘হ্যাঁ ভোট মানে হচ্ছে আমাদের স্বাধীন সাংবাদিকতা। এতে নির্ভর করছে আগামী দিনের সাংবাদিকতা। আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য যে সংস্কারগুলো করা হয়েছে, সেখানে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয়, এ জন্য হ্যাঁ ভোট দিতে হবে। হ্যাঁকে জয়ী করে আমাদের স্বাধীন সাংবাদিকতা স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে।’
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের আয়োজনে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ক্লাবের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সভায় এম আবদুল্লাহ আরো বলেন, ‘এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হচ্ছে। একেবারেই ব্যতিক্রম একটি নির্বাচন। অন্য নির্বাচন থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিগত তিনটি নির্বাচন থেকে। ট্রেডিশনাল নির্বাচনি রিপোর্ট এখন আর চলে না। ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাচনকালীন সাংবাদিকতার দায়িত্ব ও গুরুত্ব অনেক বেশি।’
‘পেশাদার দায়িত্বশীলতার জায়গা ঠিকঠাক মত অনুসরণ করতে না পারলে নির্বাচন ভন্ডুলের আশঙ্কা তৈরি হবে। দায়িত্বশীলতার মাধ্যম একইসঙ্গে ইতিহাস স্থাপনের নির্বাচন করে দেয়া সম্ভব।’
তিনি বলেন, ‘ভোটাধিকার হরণের কারণে ভোটারদের প্রত্যাশা যেমন আকাশ ছোঁয়া এবং নির্বাচন নিয়ে অনেক সংকটের জায়গা আছে। কারণ, একমাত্র ১৯৮৮ সালের পর দেশের বড় একটি দল আওয়ামী লীগবিহীন নির্বাচন এর আগে হয়নি। এ নির্বাচনের মেরুকরণ সম্পূর্ণ ভিন্ন। পরস্পর কাছাকাছি মতাদর্শের দুটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।’
‘এখন বাঁধাহীন সাংবাদিকতার পরিবেশ আছে। ডিজিটাল প্লাটফর্মগুলোতে কতটুকু দায়িত্বশীল জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করতে পারছি। বৃহৎ একটি শক্তি নির্বাচনে নেই, তারা নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করতে পারে। ভুয়া ভিডিও দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করতে পারে। এটা নির্বাচনে আশঙ্কা তৈরি করবে। যে তথ্যগুলো পাওয়া যাবে, সেগুলো বার বার যাচাই করতে হবে। গণতন্ত্রের জায়গা থেকে আমাদের হোচট খাওয়া যাবে না।’
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি আতিয়ার হাওলাদার সজল সভায় সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, আর টিভির ফেনী প্রতিনিধি আজাদ মালদার, বাংলাদেশ টেলিভিশনের ফেনী প্রতিনিধি শওকত মাহমুদ।
কেকে/এমএ