জনপ্রিয় তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত এখন ২৫ বছরের বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। এক সময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে তারা অনেকটা অনিয়মিত। বিশেষ করে বিপাশা হায়াত অভিনয়কে বিদায় দিয়েছেন।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেন তৌকীর আহমেদ। সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিপাশা হায়াত। দীর্ঘ পথচলা স্মরণ করে তিনি বলেন, “তৌকীরের সঙ্গে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম—পৃথিবীর বহু কিছু একসঙ্গে দেখব।”
অভিনেত্রী আরও জানান, তারা স্বপ্ন দেখতেন প্রাচীন নিদর্শনের স্থানগুলো একসঙ্গে ঘুরবে, গান শুনবে, চলচ্চিত্র দেখবে এবং অনেক ভাবনা শেয়ার করবে। “অনেক বই আমরা একসঙ্গে পড়ব। আমার মনে হয় সেই স্বপ্নময় জীবনই আমি উপভোগ করছি। এছাড়াও আমরা কতটুকু শিল্পের বাঁধনে থাকতে পেরেছি, সেটিও খুব গুরুত্বপূর্ণ।”
বর্তমানে দম্পতি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বিদেশে থাকলেও সময় পেলে তৌকীর আহমেদ দেশে আসেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন। বিপাশা হায়াত সময় কাটান শিল্প চর্চায়। যুক্তরাষ্ট্রে তার আঁকা ছবির বেশ কয়েকটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যা দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
কেকে/ আরআই