নারায়ণগঞ্জে ক্যানেলে ভাসমান একটি ড্রামের ভেতর থেকে মোহাম্মদ আলী (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়ায় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সকালে এলাকাবাসী ড্রামটি ক্যানেলে ভাসতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহতের মোহাম্মদ আলী ভোলার চরফ্যাশনের মুন্সিরহাট এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, স্থানীয়রা ক্যানেলে একটি ড্রাম ভাসতে দেখে সন্দেহ হলে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুললে ভেতরে এক যুবকের মরদেহ পাওয়া যায়। মরদেহটি পচন ধরতে শুরু করেছিল। পরে পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট প্রযুক্তির সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানায়, ড্রামের ভেতর যুবকের পা বাঁধা অবস্থায় ছিলো। তার দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস