সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।
রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শহরতলীর বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেন এবং মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা অভিযোগ করেন, একজন আলেম ও ধর্মীয় বক্তার কাছ থেকে এমন কুরুচিপূর্ণ ও অসংবেদনশীল বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত নয়। মৃত একজন মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ও বিদ্বেষ ছড়াচ্ছে বলেও তারা মন্তব্য করেন।
প্রতিবাদকারীরা জানান, গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুফতি আমির হামজার ২০২৩ সালে দেওয়া একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে।
এ বিষয়ে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ওই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তিনি দাবি করেন, এটি তার একটি ভুল ছিল এবং এ বিষয়ে তিনি আগেই ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি কোকোকে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন।
কেকে/ এমএস