রাজধানীর মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শম্পা আক্তার স্বামী সুমন মিয়ার সঙ্গে বড় মগবাজারের আশরাফুল ভিলায় ভাড়া থাকতেন।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজোয়ান বাবু গণমাধ্যমকে বলেন, “আমরা খবর পেয়ে সকালের দিকে বড় মগবাজার একটি বাসার ৭ তলা ভবনের ছয়তলায় একটি রুমে ঝুলন্ত অবস্থায় ওই নারীর অচেতন দেহ উদ্ধার করি। পরে পরিবারের সহায়তায় ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এসআই আরও জানান, আমরা পরিবারে কাছে থেকে জানতে পারি পারিবারিক কলহের জেরে নিজরুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন ওই নারী। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কেকে/ আরআই