নেত্রকোনার মদনে বোরো জমিতে সেচ দিতে অবৈধ বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন—তাজুল মিয়া, দিলোয়ার, শামছুল ইসলাম, জসিম উদ্দিন ও আব্দুল আহাদ। গুরুতর আহত তাজুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নায়েকপুর ইউনিয়নের বাঁশরী গ্রামের এখলাছ মিয়ার ছেলে লায়ন মিয়া মেইন রাস্তার পাশে একটি রাইস মিল স্থাপন করেন। অভিযোগ রয়েছে, ওই রাইস মিলের বিদ্যুৎ সংযোগ থেকে কৌশলে বাড়ির পেছনের বোরো জমিতে পানি সেচ দেওয়া হচ্ছিল। এ নিয়ে ফুলচানের ভাতিজা দিলু মিয়ার সঙ্গে লাহুত মিয়ার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
মদন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান বলেন, “রাইস মেইল থেকে সেচ সংযোগ কোন ভাবেই সম্ভব নয়। যদি এমন ঘটনা ঘটে লিখিত অভিযোগ পেলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে।”
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
কেকে/ আরআই