টালিপাড়ার নতুন গসিপ এখন মহালয়া খ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়ের চারপাশে। খবর হলো, হাঁটুর বয়সি এক তরুণীকে ভালোবেসে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপটে এই বিষয়টি স্বীকার করেছেন শুভাশিস। নিরালায় সময় কাটাতে তিনি সমুদ্রভ্রমণ করতে ভালোবাসেন বলেও জানান।
এবার শুভাশিসের এই ‘গোপন প্রেমকাহিনী’ নিয়ে মুখ খুললেন কৌতুক অভিনেতা ও পরিচালক রাজু মজুমদার। তিনি ঘোষণা করেছেন, শুভাশিসকে নিয়ে তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘ফণীবাবু ভাইরাল’। এই ছবিতে রাজু মজুমদার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন।
সিনেমার মূল চরিত্র ‘ফণীবাবু’র ভূমিকায় থাকছেন শুভাশিস মুখোপাধ্যায়। তার বিপরীতে আছেন তরুণী রোশনি ভট্টাচার্য, যিনি ‘তরুণী ভার্যা’ চরিত্রে অভিনয় করছেন। সিনেমার রোমান্টিক দৃশ্যগুলো প্রসঙ্গে শুভাশিস রসিকতা করে বলেন, “ভেবে আমারই গায়ে কাঁটা দিচ্ছে!” এছাড়া গানের দৃশ্যে তাঁদের অনেক রোমান্টিক মুহূর্তও দেখা যাবে।
সিনেমায় আরও আছেন খরাজ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকসহ আরও একঝাঁক তারকা। গল্পটি একটি বৃদ্ধ মানুষের সামাজিক মাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া এবং তার আশেপাশের কাণ্ডকারখানার ওপর কেন্দ্রীভূত।
কেন সিনেমা পরিচালনার দিকে ঝুঁকলেন রাজু? তিনি বলেন, “করোনাকালে বাড়িতে বসে লেখালিখি করছিলাম। সেখান থেকেই গল্প তৈরি। শুভাশিসকে ভেবেই ‘ফণীবাবু’ চরিত্র লিখেছি।” রাজু আরও উল্লেখ করেন, ‘যমালয়ে জীবন্ত মানুষ’, ‘আশিতে আসিও না’র মতো ক্লাসিক কৌতুক সিনেমার ধারাকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।
শুভাশিস জানান, “আমার চরিত্র ও সংলাপগুলো খুব মজার। প্রতিদিন আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এই সিনেমা হয়তো তাজা অক্সিজেনের মতো লাগবে।”
বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতিতে নতুন পরিচালকের টিকে থাকার সম্ভাবনা সম্পর্কে অভিনেতার মতামত, “রাজুর অনেক অভিজ্ঞতা আছে। প্রযুক্তি ব্যবহারেও ভালো। কাজ করে ভালো লেগেছে। বাকিটা সময় বলবে।”
পর্দায় ‘ফণীবাবু’ সামাজিক মাধ্যম আসক্ত হলেও বাস্তব জীবনের শুভাশিস তা একেবারেই এড়িয়ে চলেন। তিনি বলেন, “ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করি না। সারাক্ষণ মন্দ খবর দেখে মন খারাপ হয়। একবার জীবন্ত আমাকে সামাজিক মাধ্যমে ‘মৃত’ বানিয়ে দিয়েছিল, ভাগ্যিস ‘ফণীবাবু’র সঙ্গে এমন হয়নি।”
নতুন কৌতুকধর্মী সিনেমা, রোমান্টিক মুহূর্ত এবং সামাজিক মাধ্যমের ‘ভিন্ন ফ্লেভার’—সব মিলিয়ে ‘ফণীবাবু ভাইরাল’ নিয়ে টালিপাড়া ও দর্শক উভয়েরই কৌতূহল জেগেছে।
কেকে/ আরআই