নতুন বছরে জিমেইল ব্যবহারকারীদের জন্য বড় ধরনের একটি সুবিধা চালু করতে যাচ্ছে গুগল। এবার নতুন কোনো অ্যাকাউন্ট খুলতে না হয়েই জিমেইল আইডির নাম পরিবর্তনের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
গুগলের ঘোষিত এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টে লগইন করে ইমেইল ঠিকানার ‘@gmail.com’ অংশ অপরিবর্তিত রেখে তার আগের অংশের নাম পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো, নাম পরিবর্তনের পরও পুরোনো ও নতুন—উভয় ইমেইল ঠিকানায় পাঠানো মেইল একই ইনবক্সে পৌঁছাবে। ফলে আলাদা করে কাউকে নতুন ইমেইল ঠিকানা জানাতে হবে না।
এর ফলে বিভিন্ন অফিসিয়াল কাজ, ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গুরুত্বপূর্ণ সেবায় ব্যবহৃত পুরোনো ইমেইল ঠিকানাও আগের মতোই কার্যকর থাকবে।
উদাহরণ হিসেবে, কোনো ব্যবহারকারীর ইমেইল ঠিকানা যদি আগে হয় oldname@gmail.com, তবে নাম পরিবর্তনের পর সেটি newname@gmail.com করা যাবে। এতদিন এ ধরনের পরিবর্তনের জন্য নতুন জিমেইল অ্যাকাউন্ট খোলা ছাড়া কোনো উপায় ছিল না।
তবে এ সুবিধার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রেখেছে গুগল। নীতিমালা অনুযায়ী, একজন ব্যবহারকারী বছরে সর্বোচ্চ একবার এবং পুরো ব্যবহারের মেয়াদে সর্বোচ্চ তিনবার জিমেইল ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। ফলে ঘন ঘন নাম পরিবর্তনের সুযোগ থাকছে না।
সব মিলিয়ে, দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীদের জন্য এটি একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সুবিধা ইমেইল ব্যবহারে আরও নমনীয়তা ও স্বাচ্ছন্দ্য এনে দেবে বলে মনে করছে প্রযুক্তি বিশ্লেষকরা।
কেকে/ আরআই