চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তি নেই বললেই চলে। রাজধানী ও আশপাশের জেলা থেকে বিশেষ পরিবহন ও বিকল্প সড়ক ব্যবহারের সুযোগ থাকায় যানজট ছাড়াই মেলায় আসতে পারছেন দর্শনার্থীরা। তবে, যাতায়াতে স্বস্তি মিললেও পণ্যের দাম ও মান নিয়ে বরাবরের মতই কিছু অভিযোগ শোনা যাচ্ছে।
মেলায় ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি অসংখ্য স্টল ও প্যাভিলিয়নের পাশাপাশি হরেক পণ্যের স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। কথা হয় নলপাথর থেকে ঘুরতে আসা গৃহিণী মিরা জাহান আক্তারের সাথে। তিনি বলেন, ‘মেলার কিছু পণ্যকে নিউমার্কেট আর গুলিস্তানের মনে হয়েছে। আর প্রসাধনী সামগ্রী চকবাজারের। ফলে, বিদেশী পণ্যগুলো নিয়ে সন্দেহ রয়েছে। দেখা গেছে ব্যানারে লেখা ইরানি, তুর্কির স্টল। কিন্তু ভেতরে মালামাল দেশি। এসব নিয়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়া জরুরি।’
রাজধানীর নয়াবাজার এলাকা থেকে ঘুরতে আসা তরিকুল ইসলাম বলেন, ‘মেলায় প্রায় প্রতি বছর আসা হয়। এবারই দেখলাম যানজটহীন পরিবেশ। মেলার অভ্যন্তরেও স্টলগুলো সুন্দর সাজানো গোছানো। পরিবার নিয়ে ঘুরে ভালো লাগছে৷’
গোয়ালপাড়া থেকে আসা গৃহিণী ডলি আক্তার বলেন, ‘মেলার স্থায়ী প্যাভিলিয়নের নান্দনিক ভবনেই মূল আকর্ষণ। পাশাপাশি একই ছাঁদের নিচে দেশি-বিদেশি গুণগত মান সম্পন্ন পণ্য পাওয়া যায়৷ দেশি-বিদেশি প্যাভিলিয়ন এ বছর চমৎকার করে সাজানো হয়েছে। ঝামেলা মুক্ত মনে হয়েছে।’
কেকে/এমএ