বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে কুরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে ভালুকা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবরটি ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। অনেকেই দলীয় কার্যালয়ে জড়ো হয়ে তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়ায় অংশ নেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য মুস্তাফিজুর রহমান মামুন বলেন, “বাংলাদেশের অভিভাবক, সকলের প্রিয় মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই—এমন খবর শুনে আমরা ভেঙে পড়েছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি মনোনীত ময়মনসিংহ-১১ ভালুকা আসনে সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “ফজরের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাইছি।”
বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে গভীর শোক জানিয়ে ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “জাতীয়তাবাদী রাজনীতি ও আপসহীন নেতৃত্বে তিনি ছিলেন এক অনন্য নাম। তার অবদান, ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন।”
কেকে/এলএ