জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস ব্যবহারকারীদের জন্য ‘ঘোস্ট পোস্ট’ নামে একটি চমকপ্রদ নতুন ফিচার নিয়ে এসেছে।
এই ফিচারের বিশেষত্ব হলো, এর মাধ্যমে শেয়ার করা কোনো পোস্ট ঠিক ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা এখন থেকে স্থায়ী কোনো রেকর্ড রাখার চিন্তা ছাড়াই তাদের তাৎক্ষণিক ভাবনা বা মন্তব্য সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। একদিন অতিক্রান্ত হওয়ার পর এই পোস্টগুলো স্বয়ংক্রিয়ভাবে প্ল্যাটফর্মের আর্কাইভ সেকশনে চলে যাবে।
মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি জানিয়েছে, ব্যবহারকারীদের মধ্যে ‘নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি’ উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক সময় ব্যবহারকারীরা স্থায়ী কোনো পোস্ট দিতে দ্বিধাবোধ করেন বা পরবর্তী সময়ে তা ডিলিট করার ঝামেলা এড়াতে চান; তাদের জন্য এই ফিচারটি একটি স্বস্তির জায়গা তৈরি করবে বলে মনে করছে থ্রেডস কর্তৃপক্ষ।
নতুন এই সুবিধা ব্যবহারের প্রক্রিয়াটিও বেশ সহজ। ব্যবহারকারীরা যখন নতুন কোনো পোস্ট তৈরি করবেন, তখন সেখানে একটি ‘ঘোস্ট’ আইকন দেখতে পাবেন। এই আইকনটি অন করে পোস্ট করলেই সেটি অস্থায়ী পোস্ট হিসেবে গণ্য হবে।
২৪ ঘণ্টা পর পোস্টটি পাবলিক টাইমলাইন থেকে মুছে গেলেও পোস্টদাতা এটি আর্কাইভে দেখতে পাবেন। তবে আকর্ষণীয় বিষয় হলো, ওই পোস্টে কারা লাইক দিয়েছেন বা রিপ্লাই করেছেন, সেই তথ্য শুধুমাত্র পোস্টদাতা নিজেই দেখতে পারবেন।
গোপনীয়তা ও ব্যক্তিগত কথোপকথনকে আরও গুরুত্ব দিতে থ্রেডস জানিয়েছে, এই ঘোস্ট পোস্টের বিপরীতে আসা রিপ্লাইগুলো সরাসরি ব্যবহারকারীর মেসেজ ইনবক্সে পাঠানো হবে। এর ফলে ব্যবহারকারীরা পাবলিকলি নয়, বরং ব্যক্তিগতভাবে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য যে, থ্রেডস সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এর মধ্যে রয়েছে ১০ হাজার অক্ষরের টেক্সট অ্যাটাচমেন্টের সুবিধা, যার মাধ্যমে এখন দীর্ঘ বিশ্লেষণ বা নিবন্ধ প্রকাশ করা সম্ভব। পাশাপাশি ‘স্পয়লার হাইড’ ফিচারের মাধ্যমে পোস্টে থাকা নির্দিষ্ট মিডিয়া বা টেক্সট আড়াল করে রাখার সুবিধাও যুক্ত করা হয়েছে।
মেটার মতে, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় এবং ব্যবহারকারী বান্ধব করতে তারা নিয়মিতভাবে এ ধরনের উদ্ভাবনী ফিচার যোগ করে যাচ্ছে।
কেকে/ আরআই