বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবানের লেমুঝিড়ি এলাকায় সমিতির জন্য ক্রয়কৃত নতুন জমির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
তিনি বলেন, ‘বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বান্দরবানের ৭টি উপজেলা আর ৩৪টি ইউনিয়নের বিভিন্ন পর্যটনস্পটে প্রতিদিনই অসংখ্য পর্যটক ভ্রমণে যায় আর তাদের বিভিন্ন ধরনের ট্যুারিস্টবাহী যানবাহন দিয়ে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি সহায়তা করে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বান্দরবানের পর্যটন শিল্পের বিকাশে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোন ভালো কাজের মাধ্যমে আমাদের বান্দরবানের সুনাম বৃদ্ধি করতে হবে আর দেশ ও বিদেশে এই পর্যটন শিল্পের প্রচার ও প্রসারে সাংবাদিকসহ সকলের একযোগে কাজ করতে হবে।’
সমিতির সভাপতি মো. নাছিরুল আলম বলেন, ‘বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি জেলার একটি পুরাতন সমিতি আর এই সমিতির সদস্য প্রায় ৪০০ জন। দীর্ঘদিন ধরে এই সমিতির কোন স্থায়ী অফিস ছিল না, তবে জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান থানজামা লুসাই এবার লেমুঝিড়ি এলাকায় বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির জন্য ক্রয়কৃত নতুন জমির প্রাঙ্গণে নতুন কিছু কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বান্দরবান মাইক্রোবাস, জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির সব সদস্য উপকৃত হবে।’
এডভোকেট আবুল কালাম, বিএনপি বান্দরবান জেলা কমিটির যুগ্ন আহ্বায়ক মো. মুজিবুর রশীদ, সাবেক কাউন্সিলর দিলীপ বড়ুয়া, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো. নেজাম উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিল।
কেকে/এমএ