দৈনিক জনতার জমিন’-এর প্রকাশক ও সম্পাদক জাবেদ আলম কিরন (৩৫) নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তাকে অনুসরণ করে ভয়ভীতি প্রদর্শন ও ক্ষতি সাধনের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তৎপর হয়েছে—এমন অভিযোগে তিনি পল্টন মডেল থানায় সোমবার (১ ডিসেম্বর) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পল্টন মডেল থানাধীন বিএনপির অফিসের সামনে থেকে ঘটনাটির সূত্রপাত হয়। গাড়ি থেকে নেমে ডাব কেনার সময় হঠাৎ নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি ও মাস্ক পরিহিত অজ্ঞাত ৪-৫ জন দুষ্কৃতকারী কিরনের গতিবিধি অনুসরণ করতে থাকে। আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি দ্রুত রাস্তার বিপরীত পাশের ভিআইপি টাওয়ারে ঢুকে পড়েন।
আত্মরক্ষার জন্য কিরন দ্রুত লিফটে উঠে ভবনের ১২তলার একটি অফিসে আশ্রয় নেন। কিছুক্ষণ পরই নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা সেই অফিসেও ঢুকে পড়ে এবং কিরনকে ইঙ্গিত-ইশারায় ভয়ভীতি দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বুঝে কিরন জরুরি সেবা নাম্বার ৯৯৯-এ ফোন করলে দুর্বৃত্তরা ভবন ত্যাগ করে পালিয়ে যায়।
জিডিতে কিরন আশঙ্কা প্রকাশ করে জানান, এই ব্যক্তিরা যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারে।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমীন জিডিটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিকে, এই হামলার চেষ্টার ঘটনা নিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় কাকরাইলের আল আমিন মিলেনিয়াম টাওয়ারে ‘দৈনিক জনতার জমিন’-এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
কেকে/এমএ