আজ সোমবার, ১০ নভেম্বর-২০২৫। বাংলাদেশসহ বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য সংবাদগুলো খোলা কাগজের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. স্কুলে ভর্তির আবেদন শুরু ২১ নভেম্বর, লটারি হতে পারে ১৪ ডিসেম্বর
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া এবারও ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে। আগামী ১৯ নভেম্বরের মধ্যে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর ২১ নভেম্বর থেকে অনলাইনে আবেদনগ্রহণ শুরু হবে। আবেদনপ্রক্রিয়া শেষে আগামী ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২. আবার বাড়তে পারে সয়াবিন তেলের দাম
লিটারপ্রতি সয়াবিনের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। গড় এলসি মূল্য, ইনবন্ড, এক্সবন্ড ও ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ায় ভোজ্যতেলের দাম বাড়ানোর এই সুপারিশ করা হয়েছে। এতে বছরের শেষ দিকে এসে আবারও বাড়তে পারে তেলের দাম।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানায়, গত ২৭ জুলাই তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রির অনুমতি দেওয়া হয়। তবে আন্তর্জাতিক বাজারে নানা অসংগতি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে এলসিতে প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরে শুরুর দিনে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিনে খরচ পড়ে ১ হাজার ৬২ ডলার, পাম তেলে যা ১ হাজার ৩৭।
৩. ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে : ফখরুল
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আজকে দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা চলছে। গ্রাস করার চেষ্টা চলছে। ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা এ কাজ করছে। এ জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে অম্লান রাখতে হবে। তারা দেশটাকে হিন্দু-মুসলমানে ভাগ করতে চায়। কিন্তু এটা করতে দেওয়া যাবে না। সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে।”
সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধ সময়ের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, “আজকে চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার। তাদের মনোভাব–৭১ যেন হয়নি, এই দেশের জন্য মুক্তিযোদ্ধারা কোনও অবদান রাখেননি। ২৪-এর গণঅভ্যুত্থানে তারা সবকিছু করেছে–তারা এমন ধারণা দিচ্ছে।
৪. ফিলিস্তিনের স্বাধীনতা চাই : সৌদির বার্তা
চলতি মাসে ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেও ইসরায়েলের সঙ্গে সহসাই সম্পর্ক স্থাপন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রিয়াদ। তারা বিশেষ বার্তায় জানিয়েছে, আগে ফিলিস্তিনের স্বাধীনতা চাই, তারপর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক।
দীর্ঘদিনের বৈরিতার পর ইসরায়েল-সৌদি সম্পর্ক প্রতিষ্ঠা হলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। এতে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের প্রভাবও আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। ট্রাম্প সম্প্রতি বলেছেন, আমরা আশা করছি শিগগিরই আরও দেশ, বিশেষ করে সৌদি আরব, এই চুক্তিতে যুক্ত হবে।
৫. বিশ্ব বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের বাড়লো। সোমবার মূল্যবান এ ধাতুর দাম ২ শতাংশ বেড়েছে, যা দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট স্বর্ণের দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৭৯ ডলারে দাঁড়িয়েছে, যা ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ৮৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে (১ আউন্স= প্রায় ২ দশমিক ৪৩ ভরি)।
৬. টানা ৮ ছক্কায় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড
প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন ভারতের মেঘালয়ের আকাশ চৌধুরী। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকালেন এই ব্যাটার। একই সঙ্গে মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়ে গড়লেন প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডও। মূলত একজন পেসার হিসেবে পরিচিত আকাশ চৌধুরী এই অবিশ্বাস্য কীর্তি গড়েন ভারতের রঞ্জি ট্রফির প্লেট গ্রুপের ম্যাচে, অরুণাচল প্রদেশের বিপক্ষে সুরাতে।
৮ নম্বরে ব্যাট করতে নেমে তিনি শুরু করেন এক ডট বল ও দুইটি সিঙ্গেল দিয়ে। এরপর বাঁহাতি স্পিনার লিমার দাবির এক ওভারে ছয় ছক্কা হাঁকান আকাশ। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে এই কীর্তি আছে কেবল কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রীর।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাইক প্রোক্টর একবার টানা ছয় ছক্কা মেরেছিলেন, তবে তা এসেছিল দুই ওভারের মধ্যে। আকাশ দুই ওভার মিলিয়ে পরপর আটটি ছক্কা হাঁকান।
কেকে/ আরআই