মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬,
৩০ পৌষ ১৪৩২
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
শিরোনাম: সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ      মোছাব্বির হত্যার ‘মোটিভ’ খুঁজতে তিন আসামি ৭ দিনের রিমান্ডে      প্রাক নির্বাচনী জরিপে বিএনপি-জামায়াতের ভোটের পার্থক্য ১.১ শতাংশ      ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন      অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি      আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি : মির্জা ফখরুল      হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ পিবিআইয়ের      
খোলাকাগজ স্পেশাল
উচ্ছৃঙ্খল কর্মীতে বিব্রত বিএনপি
রোকন উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১১:৫২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আধিপত্য বিস্তার করতে শুরু করে বিএনপির নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে অবশ্য দলটির হাইকমান্ড শুরুতে থেকেই কঠোর অবস্থা নেয়। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এলেই বহিষ্কারসহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেয় দলটি। তবু নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কতিপয় নেতাকর্মীর নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ছে বিএনপি। যা দলটির শীর্ষ নেতৃত্বকে বিব্রত করছে। 

সম্প্রতি আলোচিত কিছু ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েছে বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম। এ ছাড়া মব সৃষ্টি করে থানা ঘেরাও ভাঙচুরেও জড়িয়ে পড়ছেন দলটির কর্মীরা। 

এ বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, যেকোনো ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনৈতিক ও অপরাধমূলক কার্যকলাপের বিষয়ে বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। তিনি আরো জানান, ইতোমধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সারা দেশে কয়েকজন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২৮ জুন ভোলার তজুমদ্দিনে স্বামীকে বেঁধে দলবল নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক (পরবর্তীতে বহিষ্কৃত) মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তবে ঢাকায় থাকেন। তিনি দুই বিয়ে করেছেন। ওই ব্যক্তি বলেন, ১৪-১৫ দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন। পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন। সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মো. আলাউদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. রাসেল আহমেদ ওরফে রাসেল রানাসহ পাঁচ-ছয়জনের একটি দল ঘরের ভেতর প্রবেশ করে। তারা এসেই মারধর করেন। দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তাঁরা চার লাখ টাকা দিতে চাপ দেন। তাকে আটকে রেখে রাতভর নির্যাতন করেন।

ওই ব্যক্তি আরো বলেন, খবর পেয়ে রোববার সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন। প্রথম স্ত্রীকে দেখে আবারো রড-হাতুড়ি দিয়ে তাকে বেধড়ক পেটানো শুরু করেন। এ সময় প্রথম স্ত্রী হামলাকারীদের হাত-পা ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা চার লাখ টাকার বদলে এক লাখ টাকা দিতে বলেন। তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন। টাকা আসছে শুনে-হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান। ভুক্তভোগী নারী বলেন, তার স্বামীকে বের করে নিয়ে যাওযার পর সন্ত্রাসীরা ঘরের দরজা-জানালা আটকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় অভিযুক্তদের দল থেকে পরবর্তীকালে বহিষ্কার করা হয়। এ ঘটনায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এদিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের এক তরুণীকে ধর্ষণের পর অবৈধভাবে গর্ভপাত ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।

ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ওই তরুণীর মা অন্যের বাড়িতে ও ধানের চাতালে কাজ করেন। বাবা শ্রমিকের কাজের সুবাদে সিরাজগঞ্জের বাইরে থাকেন। ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলীর ওই বাড়িতে যাতায়াত ছিল। এ অবস্থায় গত রমজান মাসের আগে বাবর আলী ওই তরুণীকে ধর্ষণ করেন। 

সম্প্রতি ওই তরুণী গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হয়। এরপর বাবর আলী পেটের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধপত্র কিনে দেন। ২৯ মে বাচ্চা নষ্ট হওয়ায় ওই তরুণীর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। তখন বাবর আলী তাকে ডাক্তারের কাছে নিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

এ বিষয়ে বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) আইনুল হক বলেন, ‘ওই তরুণীকে ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের সংবাদ পেয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়েটিকে তারা অন্য বাড়িতে রেখে দেওয়ায় তার সাথে কথা বলতে পারিনি। তবে মেয়েটির মা দাবি করেছেন ইউপি মেম্বর বাবর আলীর ধর্ষণ করার কারণেই তার মেয়ের পেটে বাচ্চা হয়েছিল।’ 

পাটগ্রাম থানায় ‘বিএনপির নেতাকর্মীদের’ হামলা-ভাঙচুর, আসামি ছিনতাই 

পাথরমহালের রয়্যালটির নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের দুই কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ২০০ থেকে ২৫০ জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত ওই দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। 

পাটগ্রাম থানা সূত্রে জানা যায়, উপজেলার সরেওর বাজার এলাকা থেকে পাথরবাহী ট্রাক থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগে সোহেল রানা ও বেলাল হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তারা দুজনেই বিএনপির কর্মী।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাটগ্রামের ইউএনও উত্তম কুমার দাশ জানান, এই দুইজন পাথর কোয়ারির ইজারার শর্ত ভঙ্গ করে মহাসড়কে চলাচলকারী পাথরবাহী ট্রাক থেকে বেআইনিভাবে অর্থ আদায় করছিল। এ গুরুতর অভিযোগের ভিত্তিতে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এ দণ্ডাদেশ কার্যকর করার জন্য তাদের পাটগ্রাম থানায় নিয়ে আসা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিদের থানায় আনার পরপরই পাটগ্রাম থানা একটি পক্ষ ঘেরাও করে। পরে বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রায় ২০০-২৫০ জনের একটি দল একযোগে পাটগ্রাম থানা চত্বরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। এসময় পাটগ্রাম থানার ওসি পার্শ্ববর্তী থানা হাতীবান্ধায় অতিরিক্ত ফোর্সের জন্য খবর দিলেও সেখানে গিয়েও বিএনপি নেতারা থানা ঘিরে রাখে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা অত্যন্ত সংগঠিতভাবে থানার বিভিন্ন কক্ষে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। তারা থানার চেয়ার, টেবিল, কম্পিউটার, ল্যাপটপসহ আসবাবপত্র ভাঙচুর করে। গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করা হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে থানার জানালার কাঁচ ও দরজা ভেঙে ফেলা হয়। পুলিশ বাধা দিতে গেলে হামলাকারীদের সঙ্গে তাদের সরাসরি সংঘর্ষ হয়। সরেজমিন থানার ভেতরে ও বাইরে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা গেছে।
 
পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত আসামি বেলাল ও সোহেল স্থানীয় শ্রমিক দলের নেতা। তাদের মুক্ত করার উদ্দেশ্যেই ওয়ালিউর রহমান সোহেলের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সংঘবদ্ধ হামলা চালিয়েছে। 

ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়ে এই হামলার জন্য বিএনপিকে সরাসরি দায়ী করেন।
 
এদিকে রাজধানীর মহাখালীতে জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে এক যুবদল নেতা ভিআইপি রুম না পাওয়ায় সেখানে ভাঙচুরের অভিযোগ উঠেছে তার অনুসারীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ওই বারে ভাঙচুর চালানোর সময় নারীদের লাঞ্ছিত করা হয়। এসময় বারের কর্মচারীদের মারধর এবং নগদ অর্থ ও মদের বোতল লুট করার ঘটনাও ঘটে।

এ ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মনির হোসেন নিজেকে যুবদল নেতা দাবি করেছেন।

রেস্টুরেন্টের সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার আগের দিন অভিযুক্ত মনির হোসেন রেস্টুরেন্টে এসে নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। সে সময় কোনো রুম খালি না থাকায়, তাকে সাধারণ টেবিলে বসানো হয়। মঙ্গলবার রাতে মনির হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে ভাঙচুর চালায়। রেস্টুরেন্টের কর্মীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা কয়েকজন নারীকে লাঞ্ছিত করছে। ওই নারী আতঙ্কে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। 

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর যুবদল এক বিবৃতিতে জানায়, মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের পদ থেকে অব্যাহতি এবং প্রাথমিক সদস্যপদও প্রত্যাহার করা হয়েছে।

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  উচ্ছৃঙ্খল কর্মী   বিব্রত   বিএনপি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

গাবতলীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০
সিরাজগঞ্জে সরিষা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
চিরিরবন্দরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
কুমিল্লায় এক মাসে ৯ খুন, ১১ ধর্ষণ মামলা
নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়েও সাংবাদিকদের কাজ করতে হয়

সর্বাধিক পঠিত

নিকাব নিয়ে মন্তব্যের জন্য মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে
শ্রীমঙ্গলে লোকালয়ে এক বছরে ৬৭ বন্যপ্রাণী উদ্ধার
ফটিকছড়িতে বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৭
বর্ণনাত্মক রীতির মূকাভিনয়ে মঞ্চস্থ হল পাঁচালি নাটক ‘প্রাচ্য’
মেঘনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ, ফেসবুকে প্রবাসীর স্ট্যাটাস
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close